রাজশাহী নগরে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরার উদ্দেশ্যে খুঁটিতে ওঠে সাজ্জাদ। একপর্যায়ে অসাবধানবশত বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এলে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে খুঁটির ওপরেই ঝুলে পড়ে কিশোরটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

