মানিকগঞ্জের শিবালয়ে ষাটোর্ধ্ব এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার কাছ থেকে রুপার চেন ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী (৬৩) গত শুক্রবার শিবালয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। একই ঘটনায় চুরির মালামাল ক্রয়ের অভিযোগে আরও একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী ভিক্ষাবৃত্তির কাজে বাজারে ছিলেন। এ সময় আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তাকে একটি ইজিবাইকে করে নির্জন এলাকায় নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পাশাপাশি তার গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের রুপার চেনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় গত শুক্রবার বিকেলে ষাইটঘর বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেওতা বাজার থেকে চোরাই মাল ক্রয়ের অভিযোগে নিতাই চন্দ্র পাল (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া রুপার চেন উদ্ধার করা হয়।
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

