টেকনাফের বাহারছড়া-সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী। তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত কোস্ট গার্ডের জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া-সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে পাচার কার্যক্রম পরিচালনা করা হতো। উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল বলেও জানা গেছে। এ ছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

