কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সীমান্তবর্তী বাবুচি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার খলিলুর উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং বাবুচি গ্রামের ইদু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় সীমান্তরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলপাশা ইউনিয়নের সীমান্তবর্তী বাবুচি পাড়া এলাকায় সন্দেহভাজন হিসেবে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

