স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিপিরোজপুরের স্বরূপকাঠিতে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকাগামী দুটি পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড কাউন্টারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এ জরিমানা করেন। আদালত সূত্র জানায়, থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘গোল্ডেন লাইন পরিবহন’কে ১৫ হাজার টাকা এবং ‘রয়েল পরিবহন’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাৎক্ষণিকভাবে তাদের সেই বাড়তি টাকা ফেরত দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ জানান, জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

