জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে জেলা যুবদলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনের নেতৃত্বে মিছিলে পৌর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে দেশব্যাপী যুবদল ঐক্যবদ্ধ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল উল্লেখ করে এই যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

