পিরোজপুরের স্বরূপকাঠিতে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় জয়িতা ম-ল (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে সমুদয়কাঠী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নিহতের বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়িতা তিন মাসের অন্তঃসত্ত্বা এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের কাকা হরিপদ ম-ল জানান, ঘটনার কিছুক্ষণ আগে স্বামীর সঙ্গে মোবাইলে জয়িতার কথা-কাটাকাটি হয়েছিল। এরপরই সবার অগোচরে ঘরের দোতলায় আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

