ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:১৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরের পশ্চিমপাড়া এলাকার দানা মিয়ার বাড়ি থেকে আলমনগর পর্যন্ত বিস্তৃত সরকারি খাল উদ্ধার ও পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ভরাট হয়ে যাওয়া খালটির পাশে স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। এলাকাবাসী জানান, এসএ খতিয়ানভুক্ত ১৩৪১ নম্বর দাগের এই খালটি একসময় এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। দীর্ঘদিন সংস্কারের অভাব, ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধ দখলের কারণে খালটি এখন প্রায় বিলুপ্তির পথে। এতে পানি চলাচল বন্ধ হয়ে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খালের একটি বড় অংশ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন স্থানে খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই আশপাশের বসতবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়। পাশাপাশি অগ্নিকা-সহ জরুরি পরিস্থিতিতে পানি সংকট দেখা দেয় বলেও তারা জানান।