বরিশালের গৌরনদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে রেজাউল হাওলাদার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি নির্জন পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। নিহত রেজাউল হাওলাদার ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) দুপুরে রেজাউল বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন পুকুরে একটি লাশ ভাসতে দেখে গ্রামপুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

