ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষে গ্রেপ্তার ২৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:১৯ এএম

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকা-কে কেন্দ্র করে নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এটিকে নিয়মিত প্রশাসনিক বদলির অংশ বলে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ওসি মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেন, ‘সুধারাম মডেল থানার ওসিকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।