ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

‘কামলা’ বলায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা, আটক ১

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২১ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার ‘কামলা’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হাসান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র মালী কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মৎস্যজীবী ও দিনমজুর ছিলেন। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আটক হাসান আলী উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কাশিড়ার শ্যামল ঘোষের বাড়ির সামনে সড়কে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। একপর্যায়ে শ্যামল ধান কাটার কাজের প্রসঙ্গ তুলে হাসানকে ‘কামলা’ বলে সম্বোধন করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর শ্যামল বাজারের দিকে রওনা দিলে পেছন থেকে হাসান একটি গাছের ডাল দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী ধাওয়া করে তাকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। হাসপাতালে নিহতের মরদেহের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। নিহতের স্ত্রী দীপালী মালী বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ বাবাকে হারিয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।