ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

গ্রেপ্তার ৪ কিশোর

ধূমপানে বাধা দেওয়ায় বিয়েবাড়িতে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:২৭ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়েবাড়ির আনন্দ-উল্লাসের আড়ালে ধূমপান করতে বাধা দেওয়া ও চড় মারার জেরে তাজুল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত ৩০ মে রাত ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাসুয়াখালী গ্রামের এক বিয়েবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুয়াখালী গ্রামের কামাল মৃধার মেয়ের বিয়েতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। গ্রামের মানুষ যখন নাচ-গানে মগ্ন, তখন ওই অনুষ্ঠান দেখতে যায় এসএসসি পরীক্ষার্থী তাজুল ও তার বন্ধুরা। একই সময়ে ডেকোরেটর কর্মী হৃদয়ের আমন্ত্রণে অনুষ্ঠান দেখতে আসে সজীব খান, রিয়াদ ও রোমান নামে তিন কিশোর। অনুষ্ঠানস্থলে তারা প্রকাশ্যে ধূমপান শুরু করলে তাজুল বন্ধুদের নিয়ে বাধা দেয় এবং রিয়াদকে একটি চড় মারে। এর আগে ফুটবল খেলা নিয়েও রিয়াদের সঙ্গে তাজুলের বিরোধ ছিল। এই চড়ের প্রতিশোধ নিতে রিয়াদ তার বন্ধুদের সংগঠিত করে। কিছুক্ষণ পর বিয়েবাড়ির পুকুরপাড়ে তাজুল ও তার বন্ধুদের একা পেয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে সজীব, হৃদয় ও রোমানরা।

মারপিটের একপর্যায়ে সজীব তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে তাজুলের কুঁচকির নিচে সজোরে আঘাত করে। এতে ধমনী কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। বিয়েবাড়ির উচ্চ শব্দের কারণে প্রথমে কেউ টের না পেলেও পরে তাজুলের বাঁচার আকুতি শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় তাজুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাকা-ের পরপরই স্থানীয়রা তিনজনকে আটকে পুলিশে সোপর্দ করে এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চার কিশোরই আদালতে ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।