ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত অবস্থায় একটি নোয়া মডেলের মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের বিশমাইল ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক অক্ষত রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাওয়ার সময় চলন্ত অবস্থায় হঠাৎ সেটির ইঞ্জিন থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামিয়ে নিরাপদে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ¦লতে থাকে। ব্যস্ত মহাসড়কে চলন্ত গাড়িতে এমন অগ্নিকা-ের ঘটনায় অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে কঙ্কালে পরিণত হয়। এ দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বলেন, ‘খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন