কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারীসহ আরও তিনজন গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি খালি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন সজীব। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয় এবং দুই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

