বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা ও অফিস প্রশাসন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কনফারেন্স হলে আইকিউএসি’র উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৪১ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির এই যুগে কর্মক্ষেত্রে টিকে থাকতে নিয়মিত দক্ষতা উন্নয়ন ও নতুন জ্ঞান অর্জন অপরিহার্য। দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে তিনি মাঠপর্যায়ের কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ দেন। কর্মশালায় আধুনিক অফিস ব্যবস্থাপনা, দ্বন্দ্ব নিরসন ও যোগাযোগ দক্ষতা বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন