শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি, পরিচয়পত্র না থাকার অজুহাতে অর্থ আদায় এবং এক চালককে মারধরের প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকচালকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পাটগ্রাম উপজেলার বাউরা রেলগেট এলাকায় এ অবরোধ শুরু হয়। আন্দোলনরত চালকদের অভিযোগ, বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে ট্রাক থামিয়ে ৩ থেকে ৪ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। পরিচয়পত্র না থাকলে জোরপূর্বক জরিমানা আদায় করা হয়। এর প্রতিবাদ করায় গত মঙ্গলবার হাতীবান্ধার সানিয়াজান এলাকায় তাহিরুল ইসলাম তারেক নামে এক চালককে মারধর করা হয়। ওই ঘটনার বিচার ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আবদুর রশিদ জানান, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন