ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে সারা দেশের মতো কুড়িগ্রামের চিলমারীতেও বইছে ফুটবলের আনন্দের জোয়ার। প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এখানে এক ব্যতিক্রমী ‘পতাকা যুদ্ধ’ শুরু হয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের তৈরি ২০০ হাত দীর্ঘ পতাকার জবাবে ব্রাজিল সমর্থকরা তৈরি করেছেন প্রায় ৩০০ হাত দীর্ঘ বিশালাকার পতাকা, যা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
ব্রহ্মপুত্র নদ তীরবর্তী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা গ্রামের আর্জেন্টিনা সমর্থক তরুণরা কয়েক দিন আগে নিজেদের উদ্যোগে প্রায় ২০০ হাত দীর্ঘ একটি পতাকা তৈরি করেন। তাদের এই বিশালাকার পতাকাটি দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন।
আর্জেন্টিনা সমর্থকদের এই আয়োজনের পর পাশের পুটিমারী গ্রামের ব্রাজিল সমর্থকরাও পিছিয়ে থাকেননি। তারা প্রায় ৩০০ হাত দীর্ঘ ব্রাজিলের একটি পতাকা তৈরি করে এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। দুই গ্রামের তরুণদের এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
তবে এই প্রতিদ্বন্দ্বিতা কোনো তিক্ততা তৈরি করেনি, বরং এক দারুণ সম্প্রীতির বার্তা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে দুই দলের সমর্থকরা নিজেদের বিশাল পতাকা নিয়ে একই স্থানে মিলিত হন। সেখানে তারা একে অপরের প্রতি আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান ও হাস্যরসের মধ্য দিয়ে একটি যৌথ শোভাযাত্রা বের করেন।
আর্জেন্টিনা সমর্থক পলাশ হাসান বলেন, আমরাই প্রথম ২০০ হাতের পতাকা তৈরি করি। আমাদের দেখাদেখি ব্রাজিল সমর্থকরা আরও বড় পতাকা তৈরি করেছে। এতে আমাদের কোনো কষ্ট নেই, বরং আনন্দই লাগছে।
অন্যদিকে ব্রাজিল সমর্থক রাসেল বাবু বলেন, ফুটবল মানেই আনন্দ। কুড়িগ্রাম জেলায় এত বড় ব্রাজিলের পতাকা আগে কেউ তৈরি করেনি। আমরা আমাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই এটি করেছি।
পতাকা দুটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। অনেকে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। দর্শনার্থী রাজু মোস্তাফিজ বলেন, দুই দলের সমর্থকেরা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেভাবে একসঙ্গে শোভাযাত্রা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।
বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার পরপরই চিলমারীর এই দুই গ্রামে ফুটবল উৎসব যেন পূর্ণতা পেয়েছে। এই পতাকাগুলো কেবল প্রিয় দলের প্রতি সমর্থন নয়, বরং ফুটবলকে ঘিরে মানুষের আবেগ ও ভালোবাসার এক অনন্য প্রতিফলন হয়ে উঠেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন