কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার সকালে উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয়। গ্রেপ্তার আইয়ুব আলী ওই গ্রামের নছরউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাতায়াতের পথে আইয়ুব আলী শিশুটির সঙ্গে ‘নানা-নাতনি’র সম্পর্ক গড়ে তোলে। বুধবার সকালে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই বৃদ্ধ। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে। রাজারহাট থানার ওসি মামনুর রশিদ জানান, বৃদ্ধের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

