টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকার শিহাব পেট্রোল পাম্পের পাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সদর উপজেলার শাতান মোগরা এলাকার হাসান প্রামাণিক (২০) এবং দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের সুজন খান (২০)। পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযানকালে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

