গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়ায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ঘরগুলোতে থাকা আসবাবপত্র, পোশাক এবং প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন নি¤œ আয়ের বাসিন্দারা। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরবেলা মুদাফা পশ্চিমপাড়ার একটি ঘর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘর থেকে মালামাল বের করার কোনো সুযোগ পাননি ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন তারা।
ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুনে ২৫টি বসতঘরসহ সেখানে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পাওয়ার পরপরই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, আগুনে ২৫টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এদিকে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। অনেকে নিজেদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

