ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

এতিমখানায় অনুদান

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:২২ এএম

যশোরের চৌগাছায় তিনটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য ৬ লাখ টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউএনও ফারজানা ইসলাম এতিমখানাগুলোর প্রধানদের হাতে চেক তুলে দেন। প্রাপ্ত অনুদানের মধ্যে বর্ণিসাহাপুর দারুল উলুম ইসলামিয়া এতিমখানার ৩০ জন ছাত্রের জন্য ৩ লাখ ৩৬ হাজার, মাধবপুর ইসলামিয়া এতিমখানার ১০ জনের জন্য ১ লাখ ২০ হাজার এবং ফুলসারা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ১২ জন ছাত্রের জন্য ১ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস জানায়, নিবন্ধিত এই তিন এতিমখানার প্রতি শিক্ষার্থীর জন্য মাসে ২ হাজার টাকা হারে এই সরকারি সহায়তা দেওয়া হয়েছে।