ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

কমিউনিটি পুলিশিং সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২৭ এএম

নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদে পরিণত করার প্রত্যয়ে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল পুলিশের একার দায়িত্ব নয়, এতে পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। বিশেষ অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান ও সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে জানান, বদলগাছীতে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।