জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (রাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার’ শেখানোর নামে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৪তম ব্যাচের ১২ জন সিনিয়র শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীনদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক হেনস্তা করে। অভিযোগের সত্যতা পেয়ে প্রক্টরিয়াল টিম অভিযুক্তদের আটক করে। ভুক্তভোগীদের ভাষ্য, গভীর রাতে তাদের নির্জন স্থানে নিয়ে বাবা-মাকে গালিগালাজ ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এর আগেও একাধিকবার এমন নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন তারা। অভিযুক্তরা প্রক্টরিয়াল টিমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে লিখিত জবানবন্দি দিয়েছেন। সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক জানান, প্রক্টরিয়াল বডির সভায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

