টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক অনন্য ও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঘাটেশ্বরী গ্রামের তিন যমজ ভাইবোন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা তিনজনই ‘ট্যালেন্টপুলে’ বৃত্তি লাভ করেছে। একসঙ্গে দুই ভাই ও এক বোনের এমন অভাবনীয় সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তিন যমজ ভাইবোনের এই বিরল সাফল্য নিয়ে পুরো এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সফল এই তিন শিক্ষার্থী হলোÑ ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম ও বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আর্জিনা আক্তারের সন্তান। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
তাদের মা ও শিক্ষক আর্জিনা আক্তার জানান, তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাদের তিনজনেই মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে।
তাদের এই কৃতিত্বের বিষয়ে বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘তিন ভাইবোনই অত্যন্ত মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাদের এমন ফলাফলে আমরা আনন্দিত। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
সন্তানদের এই অর্জনে গর্বিত মা আর্জিনা আক্তার বলেন, ‘ওদের এই অর্জনের পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাদের বাবা বিদেশে থাকলেও নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নিতেন এবং উৎসাহ দিতেন। আমি চাই, আমার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করুক। সবার কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।’

