ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কটিয়াদীতে পঁচা মাংস জব্দ, জরিমানা ৫০ হাজার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:২১ এএম

কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে শারফিন কসাই নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ওই ব্যবসায়ীর দোকানে অস্বাস্থ্যকর ও পঁচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। একইসঙ্গে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বিবেচনায় দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা মাংস ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, ভেজাল, পঁচা ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর আইনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমন কর্মকা-ে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।