বরগুনার পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার ডুবে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বলেশ্বর নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাদুড়তলা এলাকার মৃত ছাহেদ হাওলাদারের ছেলে। এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের পদ্মা স্লুইসগেট-সংলগ্ন বলেশ্বর নদের মাঝের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে আটজন শ্রমিক একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নদী পাড়ি দিচ্ছিলেন। মাঝের খাল এলাকায় পৌঁছালে নদীতে হঠাৎ প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ট্রলারে থাকা অন্য শ্রমিকেরা পাশের গোপজালের খুঁটি ধরে কিংবা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীর হোসেন ঢেউয়ের তোড়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও এলাকাবাসী ৮ থেকে ১০টি ট্রলার নিয়ে উদ্ধারকাজে অংশ নেন। পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকেলে ঘটনাস্থলের অদূরে বলেশ্বর নদ থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা রেঞ্জের বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য পাথরঘাটা থানায় নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

