কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একইসঙ্গে হত্যাকা-ে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেনÑ বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার নাগমুদ বাজার মধ্যপাড়া এলাকার রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)। তারা পেশাদার খুনি বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপরই জেলা পুলিশের একাধিক দল অভিযানে নামে এবং রাতেই তিনজনকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটককৃতরা মিঠামইন থানা হেফাজতে রয়েছেন। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নৃশংস হত্যাকা-ের নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন