ধুনটে স্বামীর বাড়ি থেকে নাম্মি আক্তার নিপা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশেই পড়ে ছিল তার তিন মাস বয়সি ছেলে নাহিদ। ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা শিশুটির কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার কওে গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জানা যায়, প্রায় তিন বছর আগে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড়ইটালী গ্রামের লাল মিয়া প্রামাণিকের মেয়ে নিপাকে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামের ফরহাদ মোল্লার ছেলে বাহাদুর মোল্লা বিয়ে করেন। অভাব-অনটনের কারণে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগে থাকত। এরই মধ্যে তাদের সংসারে জন্ম নেয় ছেলে নাহিদ। গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন বাহাদুর। সন্ধ্যায় প্রতিবেশীরা নিপার বাবার পরিবারের সদস্যদের ফোন করে জানান, নিপা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। একই সঙ্গে তারা জানান, বাহাদুর মোল্লাসহ পরিবারের সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি ছেড়ে চলে গেছে। এ ঘটনায় নিহতের মা জোলেখা বেগম বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন।
ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

