ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে যখন মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন, তখন ফুটবল বিশে^র কোটি কোটি ভক্তের মনে একটাই প্রশ্নÑ কার হাতে উঠছে সোনালি ট্রফি? এমন হাইভোল্টেজ মহারণের আগে অনেকেই নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও নিজের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। সাবেক বার্সা কিংবদন্তি লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে গিয়ে লাপোর্তা সাফ জানিয়ে দিয়েছেন, ফাইনালে তার পূর্ণ সমর্থন থাকছে লা রোহাদের প্রতিই।
নিউ ইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যম ‘এল পার্তিদাজো দে কোপে’কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি স্পেনের সঙ্গেই আছি।’ তবে শুধু সমর্থন জানিয়েই ক্ষান্ত হননি বার্সা বস, বরং স্পেনের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে রীতিমতো হুঙ্কার ছেড়েছেন তিনি। তার মতে, মাঠের রেফারিং যদি ঠিকঠাক থাকে, তবে স্প্যানিশদের আটকানো অসম্ভব। লাপোর্তা যোগ করেন, ‘আমার বিশ^াস, স্প্যানিশ জাতীয় দলই জিতবে। আমাদের দলটা দুর্দান্ত। আর যদি রেফারি সঠিক ও দৃঢ়ভাবে ম্যাচ পরিচালনা করেন, তবে স্পেনের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। তবে রেফারিকে অবশ্যই মাঠে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’
লাপোর্তার এই মন্তব্য ফুটবলপাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে। বার্সেলোনার ইতিহাসের সফলতম ফুটবলার এবং ক্লাবের সবচেয়ে বড় আইকন লিওনেল মেসি যখন প্রতিপক্ষ শিবিরে, তখন মেসির বিপরীতে গিয়ে নিজের দেশের পক্ষ নেওয়াটা স্বাভাবিক হলেও লাপোর্তার রেফারি-সংক্রান্ত মন্তব্যটি নতুন করে আলোচনার খোরাক জোগাচ্ছে।
সাক্ষাৎকারের একপর্যায়ে অবশ্য বেশ মজাও করেন বার্সা সভাপতি। উপস্থাপক হুয়ানমা কাস্তানিও লাপোর্তার পরা সাদা ব্লেজারের দিকে ইঙ্গিত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ‘সাদা’ জার্সির প্রসঙ্গ টানলে তিনি হেসে উঠে সংশোধন করে বলেন, ‘এটা সাদা নয়, আইভরি রঙের।’ মেসির আবেগ, নাকি নিজের দেশের ফুটবলÑ রোববারের ফাইনালে লাপোর্তার এই দেশাত্মবোধ এবং রেফারিকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

