ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১৮ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী যখন কক্সবাজার সফর করছেন, ঠিক তখনই জেলার চকরিয়ায় প্রকাশ্য রমিজ উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকায় এ সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ওই এলাকার লালটু ও বাবু নামের দুই ব্যক্তি প্রকাশ্যে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

দিনের আলোয় এ ধরনের হামলার ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।