যশোর সীমান্তে পৃথক অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও এক হাজার ২৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে ৪ জনকে আটক করা হয়। রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়। এ সময় মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকাও জব্দ করা হয়। আটক রবিউল সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের বাসিন্দা। এদিকে, শার্শার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি-র্যাবের যৌথ অভিযানে গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে পৃথক দুটি অভিযানে ৭৭৪ বোতল ভারতীয় এস্কাফ ও ২৬৯ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপসহ ৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, শার্শা উপজেলার বাউন্ডারী গ্রামের হোসে মুন্সীর ছেলে আবু বকর (৩৬), গোপীনাথপুর গ্রামের সালাউল্লাহর ছেলে মিনাজ (২৩) ও কামাল হোসেনের ছেলে বশির (১৮)। এ ছাড়া মাসিলা ও পাঁচপীরতলা পৃথক অভিযানে আরও ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন