সাতক্ষীরায় মাছের ঘের থেকে সুমন হোসেন (৩২) নামে এক গাড়ি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থীর গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার মাগুরা কৈখালী দাসপাড়া ডিপের মাঠ সংলগ্ন কেসমতের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। জানা যায়, সকালে ডিপের মাঠ এলাকার ওই মাছের ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে মরদেহটি উদ্ধার করে। ওসি মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

