রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে। রোববার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। ওসি আহসানুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে পলাতক থাকায় অভিযুক্ত রাসেল ও সিয়ামের বক্তব্য পাওয়া যায়নি।

