ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ম্যাচ পরিত্যক্ত ঘোষণা, দর্শকরা টিকিটের মূল্য ফেরত পাচ্ছেন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৩:০৫ এএম

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা। সেই সকাল ১১টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। কখনো বেশি বা কখনো কম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ টাইমের প্রায় এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা।

কার্টেল ওভারেরÑ অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হতো ৫টা ১৬ মিনিটের মধ্যে। বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেত। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ-ব্যবস্থা খুবই উন্নত মানের। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছিলেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটেই মাঠ খেলার উপযোগী করা যাবে। কিন্তু বৃষ্টিই থামেনি। এর আগে গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। বুধবার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী ২ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।

অবশ্য দর্শকদের জন্য সুখবর আছে। যারা দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য অনলাইনে টিকিট ক্রয় করেছিলেন, তারা নীতিমালা অনুযায়ী টাকা ফেরত পাবেন। বিসিবির এই ঘোষণায় দর্শকদের আক্ষেপ-হতাশা কিছুটা হলেও দূর হবে।