২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে ফুটবলের বহুল আলোচিত ও সমালোচিত একটি কৌশল বন্ধে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গোলরক্ষকের ‘ইনজুরি বিরতি’কে কেন্দ্র করে কোচদের কৌশলগত নির্দেশনা দেওয়ার সুযোগ আর থাকছে না বিশ্বকাপে।
সাম্প্রতিক মৌসুমগুলোয় প্রায়ই দেখা গেছে, গোলরক্ষক মাঠে শুয়ে চিকিৎসা নেওয়ার সময় সতীর্থরা টাচলাইনের পাশে জড়ো হয়ে কোচের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিচ্ছেন। অনেকের মতে, এটি কার্যত ‘ট্যাকটিক্যাল টাইম-আউট’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বিষয়টি কোচ, বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক চিকিৎসা নিলেও অন্য খেলোয়াড়রা আর বেঞ্চ বা টাচলাইনের কাছে যেতে পারবেন না। তাদের নিজ নিজ অবস্থানে থাকতে হবে অথবা কেন্দ্রবৃত্তে (সেন্টার সার্কেল) অবস্থান করতে হবে।
ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দলের কোচদের সঙ্গে আয়োজিত কর্মশালায় বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
কলিনা বলেন, ‘রেফারিরা এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। গোলরক্ষক মাঠে শুয়ে থাকলে কোনো দলকেই বেঞ্চের কাছে গিয়ে জড়ো হওয়ার সুযোগ দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘গোলরক্ষকের আহত হওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেই সুযোগে অন্য খেলোয়াড়দের কোচদের সঙ্গে টাইম-আউটের মতো বৈঠক করার অধিকার নেই।’
তবে নিয়ম ভঙ্গের চেষ্টা করলে খেলোয়াড়দের তাৎক্ষণিকভাবে হলুদ কার্ড দেখানো হবে না। নিয়মটি কার্যকর করার দায়িত্ব থাকবে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের ওপর।
এদিকে, ম্যাচ চলাকালে বল পুনরায় খেলার মধ্যে আসার আগে আক্রমণভাগে সংঘটিত কোনো ফাউলের ঘটনা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পর্যালোচনার প্রস্তাবও অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।
আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ থেকেই বিশ্বকাপে নতুন নিয়মের বাস্তব প্রয়োগ দেখা যাবে।

