আফ্রিকার দল আলজেরিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। ফিফা বিশ^কাপ ২০২৬-এর মূলপর্বের আগে প্রস্তুতি ম্যাচ ছিল এটি। কিন্তু সেই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে যে বার্তা পৌঁছেছে তা হলো, গ্রুপপর্বে বেশ শক্ত প্রতিপক্ষ পেতে যাচ্ছে লিওনেল মেসিরা।
আলজেরিয়া ও নেদারল্যান্ডসÑ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল হয়েছে মাত্র একটি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করে আলজেরিয়াকে স্মরণীয় জয় এনে দেন আনিস হাজ মুসা।
ম্যাচের ৮৬তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে ভেতরে ঢুকে দূরের কোনায় জোরালো শটে জালের দেখা পান ২৪ বছর বয়সি এই উইঙ্গার। ক্লাব ফুটবলে ডাচ জায়ান্ট ফাইনর্টের হয়ে খেলা হাজ মুসা পরিচিত মাঠেই দেশকে এনে দেন মূল্যবান জয়।
আলজেরিয়ার জয়ের পেছনে বড় অবদান ছিল গোলরক্ষক লুকা জিদানেরও। নেদারল্যান্ডস ম্যাচে মোট ১৪টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তবে সব কটিই রুখে দেন কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
গত এপ্রিলে মুখে আঘাত পাওয়ার কারণে এই ম্যাচে মাস্ক পরে খেলেন লুকা। আলজেরিয়ার মূল গোলরক্ষকের জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছিল বেশ কিছুদিন ধরেই। এই পারফরম্যান্সের পর বিশ্বকাপে তার ওপরই আস্থা রাখতে পারেন আলজেরীয় কোচ।
প্রথমার্ধে নেদারল্যান্ডস আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলজেরিয়া। বিপুলসংখ্যক সমর্থকের সমর্থনে উজ্জীবিত দলটি শেষপর্যন্ত প্রাপ্য জয় তুলে নেয়। এই আলজেরিয়ার বিপক্ষেই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুই দল অস্ট্রিয়া ও জর্ডান।
বিশ্বকাপের আগে এই হার নেদারল্যান্ডসের জন্য বড় ধাক্কা। যদিও কোচ ম্যাচটিতে বিভিন্ন খেলোয়াড়কে পরীক্ষা করে দেখেছেন, তবু এই পরাজয়কে সতর্কবার্তা হিসেবেই দেখছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগে এমন পারফরম্যান্স কেউ প্রত্যাশা করে না।’ ফন ডাইক আরও বলেন, ‘এই ম্যাচে আমাদের অন্তত ২-০ গোলে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি দ্রুতই আমরা আমাদের ধার ফিরে পাব এবং সুযোগগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে পারব। ইতিবাচক দিক হলো, বেশির ভাগ খেলোয়াড়ই মাঠে নামার সুযোগ পেয়েছে। তবে অবশ্যই আমরা হারার জন্য খেলি না।’
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গিয়ে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। সেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। এরপর ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা। অন্যদিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন