ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

অস্ট্রিয়া-আলজেরিয়ার রুদ্ধশ্বাস ড্র

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৫৪ এএম

শেষ বাঁশি বাজার আগপর্যন্ত দোলাচলে ছিল ভাগ্যের পাল্লা। একেকটি গোল যেন বদলে দিচ্ছিল নকআউটের সমীকরণ আর গ্যালারিতে জমে উঠছিল নিঃশ্বাস আটকে রাখা অপেক্ষা। শেষ পর্যন্ত কেউ কাউকে হারাতে পারেনি। ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্রতেই শেষ হয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মহারণ। কিন্তু এই অমীমাংসিত ফলই দুই দলের জন্য হয়ে উঠেছে জয়ের সমান। জে গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া।

ম্যাচের প্রথম থেকেই একে অপরকে চোখ রাঙানি দুই দলের। অস্ট্রিয়া ও আলজেরিয়া কেউ কাউকে ছাড় দেবে না এই মানসিকতায় মাঠে নেমেছিল। প্রথমার্ধে ১-১ গোলে সমতা। ২৮ মিনিটে মার্কো আরটাওটোভিক গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে নেন। ৪৫ মিনিটে রাফিক বেলগালি গোল শোধ দেয় আলজেরিয়ার হয়ে।

যুক্তরাষ্ট্রের কানসাসে বাংলাদেশ সময় গতকাল সকাল ৮টায় শুরু হয়। দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় দুই দল। তাতে মুহূর্তেই স্কোরলাইন ২-২। ৫৫ মিনিটে অস্ট্রিয়াকে লিড এনে দেন মাইকেল সাবিতজের। ৫ মিনিটেই গোল শোধ দেয় আলজেরিয়া। বাঁ দিক থেকে হুসেম আউয়ার অসাধারণ দক্ষতায় স্টেফান পশকে কাটিয়ে দেন এবং গোলমুখে স্টাইলিশ ভাসানো বল বাড়ান। বলটি সবাইকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় মাহরেজের কাছে। তিনি কোনো ভুল না করে ঠান্ডা মাথায় জালে পাঠান। মনে হচ্ছিল ২-২ গোলে শেষ হবে দুই দলের খেলা। কিন্তু রোমাঞ্চ ছড়ায় ম্যাচের শেষ দিকে। আলজেরিয়ার অধিনায়ক মাহরেজ দারুণ দক্ষতায় বল জালে পাঠান। যোগ করা সময়ের ৯৬তম মিনিটে অস্ট্রিয়ার হয়ে গোল করেন শাশা কালাজজিক। রোমাঞ্চের ছড়াছড়ি। উত্তেজনার পারদ ছিল শিখরে। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।