ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ল ট্রাকসহ পাঁচ যান, ৩ জনের মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:১৬ এএম
ধলেশ্বরী নদীতে পড়ে গেছে ট্রাকসহ ৫ যানবাহন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধলেশ্বরীর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি নদী পার হচ্ছিল। এ সময় হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে এগিয়ে যায়। এতে ট্রাকটিসহ সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রিকশাভ্যান নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য আরোহীরা নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, রাতে আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও করা হবে।