ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবী এবং চট্টগ্রামের রাউজানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গণের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার সভাপতি আশিষ বসাক, পাবনা মহা শ্মশান কমিটির সভাপতি প্রবাস ঘোষ দুখু, হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তাপস দাশ, পাবনা মহা শ্মশান কমিটির সাংগঠনিক সম্পাদক অলোক পালসহ অনেকে।
বক্তরা বলেন, মিথ্যা ও ভিত্তিহীন ধর্ম অবমাননার অভিযোগ তুলে একজন মানুষকে হত্যা করা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। তারা দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
একই সাথে বক্তারা চট্টগ্রামের রাউজানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং সংখ্যালঘুদের জানমাল রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন