আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন তার ভাই মাহবুব আলম। একই আসনে মাহবুব আলম নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
মাহবুব আলম বলেন, মাহফুজ আলম এ ঘটনায় বিব্রত হয়েছেন। তিনি কোনোভাবেই নির্বাচন করবেন না এবং তার নামে উত্তোলন করা মনোনয়নপত্রও জমা দেওয়া হবে না।
তিনি জানান, মাহফুজ আলমের সম্মতি ছাড়াই কেউ একজন আবেগের বশে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি জানার পর মাহফুজ আলম স্পষ্টভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
মাহবুব আলম বলেন, ইসলামী সমমনা জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে তিনিই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও আরও ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে রয়েছেন— সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র প্রার্থী এম এ আউয়াল ও এম এ গোফরান, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন