ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ 

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৫:৪১ এএম
ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড়সহ সকল ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের আবেদন থাকলেও নির্বাচন উপলক্ষে ময়দানে কোনো ধরনের সমাবেশ অনুমোদন দেওয়া হচ্ছে না।

সূত্র জানায়, ২-৪ জানুয়ারি তাবলীগ জামায়াত বাংলাদেশের জুবায়েরপন্থীরা খুরুজের জোড়ের নামে তিন দিনের ইজতেমা আয়োজনের পরিকল্পনা করেছিল। এসময় সাদপন্থীরা ২২-২৪ জানুয়ারি ইজতেমা করার আবেদন করে। উভয় পক্ষের আবেদন নামঞ্জুর করে সরকার নির্দেশ দিয়েছে, জাতীয় নির্বাচনের আগে ময়দানে কোনো সমাবেশ অনুষ্ঠিত হবে না।

২০১৮ সালের পর থেকে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সংঘাত ও আহত মুসল্লীর কারণে ইজতেমা দুই ভাগে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের জুবায়েরপন্থী ও সাদপন্থীরা যথাক্রমে টঙ্গী ও ঢাকার কেরানীগঞ্জে তাদের ইজতেমা সম্পন্ন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সরকারি আদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন শেষ হওয়ার পর নতুন সরকারের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।