১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বরিশাল-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। এর ফলে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের জন্য।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহত্তর জোটগত ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল ও দলীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেন মুফতি সুলতান মাহমুদ।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যেভাবে শ্রম, সময়, পরামর্শ ও দোয়ার মাধ্যমে তাঁর পাশে ছিলেন, তার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
মুফতি সুলতান মাহমুদ বলেন, জনগণের নিঃস্বার্থ ভালোবাসা ও বিশ্বাস তাঁর রাজনৈতিক জীবনের বড় শক্তি ও প্রেরণা। তাঁর মতে, রাজনীতি কোনো ব্যক্তি বা পদকেন্দ্রিক বিষয় নয়; বরং দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ভিত্তিতেই তা পরিচালিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য রেখে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিবৃতির শেষাংশে তিনি বরিশাল সদর উপজেলা ও মহানগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আন্দোলন-সংগ্রামসহ সব সময়ে যারা তাঁর পাশে ছিলেন, তাদের সঙ্গে নিয়েই তিনি আগামী দিনগুলোতে মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যেতে চান।
উল্লেখ্য, ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মুফতি সুলতান মাহমুদ বরিশাল-৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।

