সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্ট মার্টিন থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে, যা অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ৬০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, গত ৩ জানুয়ারি শনিবার মধ্যরাত ২টায় একই জাহাজ সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত একটি মিয়ানমারের ফিশিং বোট তল্লাশি করে।
এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ১,৫০০ লিটার ডিজেলসহ ৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল ও পাচারে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন