কুড়িগ্রামের ফুলবাড়ীতে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর বিওপির আওতাধীন আজওয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় সীমান্ত থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করা হয়। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- উৎপল সেন (২৫) এবং সাগর বর্মণ (১৮)। তাদের বাড়ি কাশিপুর ইউনিয়নের আজওয়াটারী গ্রামে। তাদের কাছ থেকে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ১০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন