ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদনে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। দ্রুত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে তাগাদা দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করে এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ হামলায় গাড়ির গাড়ির গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও ছয় নেতা আহত হন।
এ সময় বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে ত্রাণ কর্মসূচি বাতিল করে নেতারা চট্টগ্রাম নগরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
ঘটনার পর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন। মামলার বাদী অ্যাডভোকেট এনামুল হক জানান, সে সময় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালালেও ভয়ের কারণে কেউ মামলা করতে সাহস পাননি। ঘটনার দুই দিন পর তিনি নিজে বাদী হয়ে মামলা করেন।
তিনি আরও জানান, প্রথম দফায় পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদন দাখিল করলে মামলাটি খারিজ হয়ে যায়। পরে ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলার শুনানি শেষে আদালত মামলাটি মঞ্জুর করে পুনঃতদন্তের নির্দেশ দেন।

-20260111180037.webp)
-20260111170015.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন