ঝিনাইদহের মহেশপুরসহ জেলার সকল পল্লি বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিসগুলো দালালমুক্ত করার দাবি জানিয়েছেন ল্যাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা।
জেলার ছয়টি উপজেলার ল্যাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা পল্লি বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল অফিস দালালমুক্ত করার দাবিতে ইতোমধ্যে আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি, পল্লি বিদ্যুৎ সমিতির অধীনস্থ সব অফিস থেকে দালালদের সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে।
ল্যাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদের অভিযোগ, অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দালালরা অবাধে অফিসগুলোতে যাতায়াতের সুযোগ পাচ্ছে। তারা আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে বিসি ল্যাইসেন্স তৈরি করে দিয়ে দালালদের বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বৈধ ল্যাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝিনাইদহ পল্লি বিদ্যুৎ সমিতির সদর অফিস ঘেরাও করে রাখেন।
পরে ঝিনাইদহ পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওমর আলী ল্যাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদের সকল দাবি মেনে নেন। তিনি বলেন, শুধুমাত্র আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানরাই কাজ করতে পারবেন। এর বাইরে বিসি ল্যাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা কোনো কাজ করতে পারবেন না। পাশাপাশি, কোনো অফিসে দালালদের প্রবেশ করতে দেওয়া হবে না।
মহেশপুর পল্লি বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান কমিটির সভাপতি তরিকুল আজিজ বিল্টু জানান, বিসি ল্যাইসেন্স বাতিল করা হলে তাদের আন্দোলন প্রত্যাহার করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন