গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অটোচালকদের পক্ষ থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করা হয়। তারা এক অটোরিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন করলেও মূলত মহাসড়কে অটো চলাচলের অনুমতি চেয়ে সড়ক বন্ধ রাখেন। এতে হাজারো যাত্রী ও যানবাহন চরম ভোগান্তিতে পড়ে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার গরগড়িয়া মাস্টারবাড়ি পুরান বাজার এলাকায় অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।
বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশের সঙ্গে এক অটোরিকশাচালকের সংঘর্ষের পর আশপাশের অটোরিকশাচালকরা মহাসড়কে অবস্থান নেন এবং অটো চলাচলের অনুমতির দাবিতে সড়ক বন্ধ করে দেন।
মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পুলিশের টহল চলাকালীন এক অটোরিকশাচালক দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় পড়ে যান এবং কিছু অংশে ব্যথা পান। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে তিনি জানান যে সুস্থ আছেন।
তবে ঘটনাটি অটোচালকরা আন্দোলনের ইস্যু হিসেবে ব্যবহার করেন। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে অস্পষ্টতা ও দ্বন্দ্ব রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নীতিমালা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন