গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিল্লাল হোসেন বেপারী নিজে থানায় জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেখতে পান। সেখানে ‘আমার দেশ’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে লেখা হয়— 'বিল্লাল হোসেন বেপারীর জীবন সংকটাপন্ন। শ্রীপুর পৌর বিএনপির একটি গ্রুপ বিল্লাল হোসেন বেপারীকে যেকোনো সময় হত্যা করতে পারে।'
জিডিতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে রাষ্ট্র ও সমাজবিরোধী বক্তব্য প্রচার করছে। এতে তার ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচনি কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা করা হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা বিল্লাল হোসেন বেপারী শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। পৌর পর্যায়ের গণ্ডি পেরিয়ে তার রাজনৈতিক পরিচিতি জেলা-উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, এই হুমকির ঘটনায় শুধু বিল্লাল হোসেন বেপারীকেই নয়, বরং কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকেও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য থাকতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন