ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবদলের সদস্যসচিবসহ ৯ নেতা বহিষ্কার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:০৭ এএম
উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব নূর আলম। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব নূর আলমসহ ৯ জন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সংশ্লিষ্ট নেতাদের যুবদলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে অভিযোগ রয়েছে, নূর আলম বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। নূর আলম ছাড়াও বহিষ্কৃত অন্য নেতারা হলেন—উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. বারেক হোসেন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সদস্য আহাদ মিয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন এবং অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক সিদ্ধান্ত অমান্যের কারণে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।