ভারত থেকে দেশে আসছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। প্রতিনিয়ত রাজশাহীর বিভিন্ন সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অস্ত্র চোরাচালানের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজশাহী। আর তিনদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণের আগে দেশের সীমান্ত দিয়ে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। জাতীয় নির্বাচনকে কেন্দ্র সক্রিয় হয়ে উঠেছে চোরাচালানকারীরা। এসব অস্ত্র ও বিস্ফোরক রাজশাহী থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। ধরা পড়ছে অত্যাধুনিক অস্ত্র। তবে ধরাছোঁয়ার বাইরে থাকছে এর মূলহোতা ও চোরাকারবারিরা।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজশাহীকে ব্যবহার করা হচ্ছে ট্রানজিট হিসেবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্ত দিয়ে এসব ঢুকছে। সবচেয়ে বেশি অস্ত্র ঢুকছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। এসবের বেশিরভাগ চালানই আসছে ভারত থেকে।
জানা গেছে, রাজশাহীর পবা, চারঘাট ও বাঘা সীমান্ত দিয়ে ঢোকানো হচ্ছে এমন মারণাস্ত্র। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও নওগাঁর পোরশা, ধামরইহাট ও সাপাহার সীমান্ত দিয়ে অস্ত্র আসে। সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালানের অন্যতম রুট চাঁপাইয়ের শিবগঞ্জ। ভারত থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে দেশে ঢুকছে এসব আগ্নেয়াস্ত্র।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যের ট্রাকেও অস্ত্র আছে। সবচেয়ে বেশি অস্ত্র ঢুকছে সীমান্ত লাগায়ো পদ্মা নদীর চর দিয়ে। যেগুলো রাজশাহীতে নিয়ে এসে পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ধরাছোঁয়ার বাইরে থাকছেন রাঘববোয়ালরা। কারা দেশে এসব অস্ত্র ঢুকাচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
গেল বছরের ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আটটি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬টি গুলি, গানপাউডার ও প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে সেনাবাহিনী। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হয়।
সূত্র জানিয়েছে, রাজশাহী অঞ্চলের বিভিন্ন সীমান্ত দেশে ঢোকা অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের প্রধান রুট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত। চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে বিস্ফোরক আসছে। উপজেলার কিরণগঞ্জ, বিনোদপুর, বিশ্বনাথপুর, কারিগঞ্জ সোনামসজিদ এবং ধীনগরে কয়েকজন সীমান্তপথে অস্ত্র চোরাচালানে জড়িত। রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ, চকরাজাপুর এবং পাকুড়িয়া দিয়ে ঢুকছে অস্ত্র। তবে এসব এলাকায় মাদক চোরচালান করলেও এখন আসছে অস্ত্র।
সূত্র আরও জানায়, ভারতীয় অস্ত্র চোরাচালানকারীরা পশ্চিমবঙ্গের মালদার সীমান্তবর্তী কালিয়াচক, বৈষ্ণবনগর, খোজাপুর, মোজামপুর এবং মুর্শিদাবাদের সমশেরগঞ্জ এলাকায় অবস্থান করে। এসব অস্ত্র প্রথমে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রামগুলোতে মজুত হয়। সেখান থেকে সীমান্তপথে বাংলাদেশে আসে সিন্ডিকেটের হাতে। এরপর সারা দেশে পাঠানো হচ্ছে। অবৈধ অস্ত্র বহন ও পাচারের জন্য রয়েছে আরেকটি সিন্ডিকেট। এরা বাংলাদেশে অস্ত্রের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে চালান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর শর্তে দরদাম ঠিক করে।
গেল এক বছরে র্যাব-৫ ৭০টির বেশি আগ্নেয়াস্ত্র ও ৫৭৪ কেজি গান পাউডার উদ্ধার করেছে। আর জেলা পুলিশ উদ্ধার করেছে চারটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন। এ ছাড়াও সীমান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। কত অস্ত্র উদ্ধার করে তথ্য দিতে পারেনি বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন।
সবশেষ রাজশাহীর বাঘা উপজেলা সীমান্তে গেল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার রাওথা থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করে বিজিবি। এর মধ্যে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গেল ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্মানদীতে সাতটি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র কোনোভাবে প্রবেশ না করতে পারে সেদিকে নজর আছে আমাদের।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাংবাদিকের বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ব্যবহারেরোধে আমাদের কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ঘটনার আগে তথ্য সংগ্রহ, জড়িতদের শনাক্তকরণ ও আটক কার্যক্রম চালানো হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বিশেষভাবে কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু বড় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোটের পরিবেশও স্বাভাবিক আছে।

-20260208164550.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন